উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে সিরিজে ২-১ লিড নিল ভারত। ধর্মশালায় অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং বোলাররা তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখেন।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। ভারতীয় বোলারদের সম্মিলিত আক্রমণে প্রোটিয়া ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। প্রথম ওভারেই অর্শদীপ সিং রেজা হেন্ড্রিকসকে (০) শূন্য রানে আউট করেন। এরপর হর্ষিত রানা ফেরান অভিজ্ঞ কুইন্টন ডি কককে (১)। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ট্রিস্টান স্টাবসকে (৯) আউট করে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। বরুণ চক্রবর্তীর শিকার হন ডোনোভান ফেরেইরা (২০) এবং মার্কো জানসেন। কুলদীপ যাদব ইনিংসের শেষ দুটি উইকেট (অ্যানরিখ নরকিয়া ও বার্টম্যান) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সমাপ্তি ঘটান। শিবম দুবেও তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট (করবিন বশ)।
মাত্র ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৫.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ রানের এক বিস্ফোরক সূচনা করেন। শুভমান গিল ২৮ বলে ২৮ রান করে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শেষদিকে তিলক ভার্মা (২৫) এবং শিবম দুবে (১০) অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন। দুবের ব্যাট থেকে আসে ম্যাচ-জেতানো বাউন্ডারিটি। এই দাপুটে জয়ের ফলে ভারত সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে। পরবর্তী ম্যাচগুলিতে টিম ইন্ডিয়া এই ছন্দ বজায় রাখতে পারে কিনা, এখন সেটাই দেখার।
