উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বে এখন শুধুই তেরঙ্গার দাপট। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও মাঝে দক্ষিণ আফ্রিকার কাছে একটি হারে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মেন ইন ব্লু-কে। তবে ফাইনালে কিউয়িদের গুঁড়িয়ে সেই সমালোচনার যোগ্য জবাব দিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল ভারত (India T20 World Cup Victory 2026)। হার্দিক-বুমরাহদের এই মহাসাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ।
প্রধানমন্ত্রীর অভিনন্দন:
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের এই জয়ই বলে দিচ্ছে ভারতীয় দলের দক্ষতা, জেতার অদম্য ইচ্ছা এবং দলগত সংহতি কতটা শক্তিশালী। গোটা টুর্নামেন্টে তাঁরা অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছেন। আজ প্রতিটি দেশবাসীর জন্য গর্বের দিন। তোমাদের জন্য আমি অত্যন্ত খুশি।”
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা:
টিম ইন্ডিয়ার এই মেগা জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্রিকেটারদের লড়াকু মানসিকতা এবং জয়ের খিদে যে নতুন ইতিহাস তৈরি করল, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
বিশ্বজয়ের এই মুহূর্তকে উদযাপন করতে পাহাড় থেকে সাগর—দেশের কোণায় কোণায় শুরু হয়েছে উৎসব। আমেদাবাদের জয়ী সূর্যরা এখন গোটা ভারতের নয়নমণি।
