উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আর ঠিক তার আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে (Navy pact) অনুমোদন দিল রাশিয়ার সংসদের নিম্নকক্ষ, স্টেট ডুমা (State Duma)।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও রাশিয়ার মধ্যে (India-Russia)। যা গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের অনুমোদনের জন্য ডুমায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার সেই চুক্তিতেই অনুমোদন দেওয়া হয়। স্টেট ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোডিন এনিয়ে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং ব্যাপক। আমরা তাদের সঙ্গে সম্পর্ককে মূল্যবান বলে গণ্য করি। আজ এই চুক্তির অনুমোদন পারস্পরিক সম্পর্ক এবং অবশ্যই আমাদের সম্পর্কের উন্নয়নের দিকে আরও একটি পদক্ষেপ।’
রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তিটি মূলত রাশিয়ার সেনাবাহিনী, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান ভারতে পাঠানোর পদ্ধতি নির্ধারণ করবে। সেই সঙ্গে পারস্পরিক লজিস্টিক সহায়তা নিয়ে একটি বড় কাঠামো তৈরি করবে। এই চুক্তিটি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানোই নয়, তাদের সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করবে। রুশ মন্ত্রীসভার তরফে জানানো হয়েছে, এই চুক্তির অনুমোদনের ফলে রুশ এবং ভারতীয় যুদ্ধাজাহাজ একে অপরের বন্দর ব্যবহার করতে পারবে। সামরিক বিমানও উভয় দেশের আকাশসীমা সহজেই ব্যবহার করতে পারবে। এই চুক্তির ফলে যে ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হবে তা বলাই বাহুল্য।
