উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাত (India-Pakistan Stress)। পাকিস্তানের (Pakistan) আক্রমণে জোরালো প্রত্যাঘাত ভারতের (India)। বৃহস্পতিবার রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে জবাব দেয় ভারতীয় সেনা। অন্তত ১৬টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। গতকাল জম্মুতে একাধিক ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সব চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আখনুরে ব্ল্যাকআউট জারি হয়। বন্ধ রাখা হয়েছে জম্মু এয়ারপোর্ট। এদিকে এর জেরে উপত্যকায় আটকে পড়েছেন একাধিক পর্যটক। এই পরিস্থিতে জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।
সূত্রের খবর, ০৪৬১২ নম্বরের ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে জম্মু থেকে ছেড়েছে। এতে ১২টি সংরক্ষিত কোচ এবং ১২টি অসংরক্ষিত কোচ থাকছে। এর সঙ্গে থাকছে ২০ কোচের বন্দে ভারত। দুপুর ১২টা ৪৫ মিনিটে উধমপুর থেকে ছাড়ে। আরও একটি ২২ কোচের বিশেষ ট্রেন শুক্রবার সন্ধ্যা ৭টার সময় ছাড়বে জম্মু থেকে।
এদিকে অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর পরই বন্ধ করা হয়েছে শ্রীনগর সহ একাধিক বিমানবন্দর। এদিন ভোরেও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জম্মুতে। তৎক্ষণাৎ ব্ল্যাকআউট করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
