উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভারত-পাকিস্তান (India-Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ বাড়ল পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির (Pakistan President Asif Ali Zardari) মন্তব্যে। সোমবার পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জারদারি অভিযোগ করেন, ভারত ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ‘যুদ্ধের আবহ’ থেকে সরে এসে নয়াদিল্লিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি (Peace talks)।
সংসদে বিরোধী দল পিটিআই-এর ব্যাপক হট্টগোলের মধ্যেই জারদারি বলেন, ‘ভারতের নেতারা বলছেন যে তাঁরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিক শান্তির আজীবন সমর্থক হিসেবে আমি এটি অনুমোদন করব না। তাই ভারতের প্রতি আমার বার্তা হল যুদ্ধের মঞ্চ থেকে অর্থপূর্ণ আলোচনার টেবিলে সরে আসা। কারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাই একমাত্র পথ।’
পাশাপাশি, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা নিয়ে ভারতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। বিষয়টিকে ‘জল-সন্ত্রাস’ বা ‘হাইড্রো-টেররিজম’ হিসেবে আখ্যা দিয়ে জারদারি দাবি করেন, ভারত জলপ্রবাহকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একইসঙ্গে কাশ্মীর ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি অধরা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের পাশাপাশি পশ্চিম সীমান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জারদারি। আফগানিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে তিনি বলেন, ‘কাবুলকে দোহা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। পাকিস্তানের মাটি পবিত্র, আমরা কোনও বিদেশি শক্তিকে আমাদের শান্তি নষ্ট করতে দেব না।’ তিনি আরও জানান, আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে পাকিস্তান সবরকম কূটনৈতিক পথ ব্যবহার করেছে।
ভাষণে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়েও সরব হন পাক প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলিতে হামলার নিন্দা জানান। জারদারির এই নবম সংসদীয় ভাষণ ঘিরে উত্তাল ছিল অধিবেশন কক্ষ। ইমরান খানের মুক্তি চেয়ে পিটিআই সাংসদদের স্লোগান ও প্রতিবাদের মাঝেই নিজের বক্তব্য শেষ করেন প্রেসিডেন্ট।
