India Map Controversy | মানচিত্র বিতর্কে আমেরিকার ডিগবাজি! পিওকে-আকসাই চিনকে ভারতের অংশ দেখিয়েও পোস্ট ডিলিট

India Map Controversy | মানচিত্র বিতর্কে আমেরিকার ডিগবাজি! পিওকে-আকসাই চিনকে ভারতের অংশ দেখিয়েও পোস্ট ডিলিট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র বিতর্কে ডিগবাজি আমেরিকার (US)। বাণিজ্যিক সুসম্পর্কের আবহে সম্প্রতি ভারতের সরকারি মানচিত্রের (India Map Controversy) সঙ্গে সামঞ্জস্য রেখে পাক অধিকৃত কাশ্মীর (PoK) এবং আকসাই চিনকে (Aksai Chin) ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখিয়ে একটি পোস্ট করেছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধির (USTR) দপ্তর। কিন্তু সেই পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধতেই শেষ পর্যন্ত তা মুছে দিল আমেরিকা।

গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামো চুক্তি ঘোষণার সময় এই মানচিত্রের ছবিটি পোস্ট করা হয়েছিল। সেখানে মার্কিন রপ্তানিতে ভারতের শুল্ক হ্রাসের বিষয়টি উল্লেখ ছিল। তবে নজর কাড়ে মানচিত্রটি। দীর্ঘদিনের মার্কিন নীতি বদলে এই প্রথম পাক-অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকে ভারতের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল।

অনেক বিশেষজ্ঞ মনে করেছিলেন, পাকিস্তান ও চিনের সঙ্গে আমেরিকার বর্তমান তিক্ত সম্পর্কের আবহে এটি ভারতের প্রতি একটি পরিকল্পিত ‘ভূ-রাজনৈতিক সমর্থন’। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছিল। তবে অনেকের মতে, এটি ছিল নিছকই একটি ‘ভুল’।

মূলত পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান এবং আকসাই চিনকে চিন নিজেদের অংশ বলে দাবি করে থাকে। যদিও ভারত বরাবরই আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে দিয়েছে যে, সমগ্র জম্মু-কাশ্মীর, লাদাখ ও আকসাই চিন ভারতের অবিচ্ছেদ্য অংশ। অতীতে মার্কিন মানচিত্রে এই এলাকাগুলোকে ‘বিতর্কিত’ হিসেবে চিহ্নিত করা হলেও, এবারের পোস্টটি ছিল ব্যতিক্রমী।

তবে বিতর্ক শুরু হতেই মার্কিন প্রশাসন ওই পোস্টটি সরিয়ে ফেলে। এর ফলে প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি তবে তার পুরোনো অবস্থানেই ফিরে গেল? নাকি কূটনৈতিক চাপ এড়াতে এই পদক্ষেপ? আমেরিকা এই বিষয়ে এখনও সরাসরি কোনও ব্যাখ্যা দেয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *