India-China | ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা শুরু, অবশেষে ভাঙল ৫ বছরের অচলায়তন!

India-China | ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা শুরু, অবশেষে ভাঙল ৫ বছরের অচলায়তন!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ভারত ও চিনের মধ্যে অবশেষে সরাসরি বিমান পরিষেবা চালু হল। এটি শুধু একটি যাত্রী পরিষেবা নয় বরং ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে শীতল হয়ে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও বটে। ভারতে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং আজ, এই খবরটি নিশ্চিত করে ‘X’-এ লিখেছেন, “ভারত ও চিনের মধ্যে সরাসরি ফ্লাইট এখন একটি বাস্তবতা।” ২৬ অক্টোবর, রাত ১০ টায় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা থেকে চিনের গুয়াংঝাউ-এর উদ্দেশ্যে যাত্রা করার মাধ্যমে এই পরিষেবার সূচনা হবে। যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে সাংহাই-নয়াদিল্লি সরাসরি বিমান চালু হবে আগামী ৯ নভেম্বর।

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই সরাসরি বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল। যদিও এর আগে কোভিড-১৯ মহামারির কারণেও পরিষেবা ব্যাহত হয়েছিল। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শীতল থাকার পর, গত অক্টোবর (২০২৪) মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর টহলদারির বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছায়, যা সীমান্ত উত্তেজনা প্রশমনে একটি অন্যতম কার্যকরী পদক্ষেপ হিসেবে দেখা হয়। এই চুক্তির ফলস্বরূপ সম্পর্কের বাঁধন শিথিল হওয়ায়, সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর পথ প্রশস্ত হল। সম্প্রতি এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) সম্মেলনের সময়েও এই বিষয়ে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে।

প্রসঙ্গত, নতুন করে চালু হওয়া এই রুটগুলি গত কয়েক বছরে ব্যাহত হওয়া ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এটি উভয় দেশের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণকে অনেক সহজ করে তুলবে বলেও মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *