উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতায় থাকাকালীন কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছিল (India-Canada Relation)। তবে এবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে দু’দেশের সম্পর্ক। সূত্রের খবর, আগামী মাসেই ভারত সফরে আসছেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত বিদেশমন্ত্রী অনিতা আনন্দ (Anita Anand)। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। যদিও সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। দু’পক্ষই এনিয়ে আলোচনা চালাচ্ছে বলে জানা গিয়েছে।
চলতি বছর জুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে বৈঠক করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Canada PM Mark Carney)। দুই দেশের প্রধানমন্ত্রীদের এই বৈঠকের পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় ঠিক করা জন্য সক্রিয়ভাবে কাজ করে চলেছে অটোয়া এবং নয়াদিল্লি। এমনকি বুধবারই কানাডায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন দীনেশ পট্টনায়েক। এদিকে, গত সপ্তাহেই নয়াদিল্লিও ইঙ্গিত দিয়েছে কানাডার সমস্ত কূটনীতিকদের ফেরানো হতে পারে ভারতে। গত সপ্তাহেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, উভয় দেশই নিজেদের লক্ষ্য এবং দূতাবাসের ক্ষমতা সম্পর্কিত সমস্যাগুলি গঠনমূলকভাবে সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar) হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ করেছিলেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এরপর থেকেই অবনতি হয় দুই দেশের মধ্যে সম্পর্কের। এমনকি এই অভিযোগ তোলার পরই গত বছরের অক্টোবরে কানাডা থেকে নিজেদের হাইমিশনার এবং আরও পাঁচ কূটনীতিককে ভারতে ফিরিয়ে এনেছিল নয়াদিল্লি। ভারতও সমান সংখ্যক কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছিল। তবে চলতি বছরের এপ্রিলে সংসদীয় নির্বাচনে জয়ী হন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। তারপর থেকেই ফের ঠিক হতে শুরু করেছে ভারত ও কানাডার সম্পর্ক।
