INDIA Alliance Management Disaster | রাহুল না কি স্ট্যালিন? জোটের ব্যাটন নিয়ে ‘ইন্ডিয়া’ শিবিরে গৃহযুদ্ধ তুঙ্গে!

INDIA Alliance Management Disaster | রাহুল না কি স্ট্যালিন? জোটের ব্যাটন নিয়ে ‘ইন্ডিয়া’ শিবিরে গৃহযুদ্ধ তুঙ্গে!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA Alliance Management Disaster)-র ভিতরে নেতৃত্বের প্রশ্নে যে অস্বস্তি এতদিন চাপা ছিল, তা এখন প্রকাশ্যে চলে এসেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্ব নিয়ে শরিকদের একাংশের আপত্তি নতুন নয়, তবে বেশ কিছু আঞ্চলিক দলের নেতাদের সাম্প্রতিক মন্তব্যে সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে তামিলনাডুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন প্রকাশ্যে তাঁর বাবা তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনকে বিরোধী জোটের সম্ভাব্য নেতা হিসেবে তুলে ধরার পর এই বিতর্ক আরও জোরদার হয়েছে।

তামিলনাডুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন প্রকাশ্যে দাবি করেছেন, বিজেপির বিরুদ্ধে উপযুক্ত লড়াই চালাতে হলে জোটের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। তাঁর মতে, তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের জাতীয় রাজনীতি ও প্রশাসনে যে অভিজ্ঞতা রয়েছে, তাতে তিনিই ‘ইন্ডিয়া’ জোটকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি। চেন্নাইয়ের এক সভায় বক্তৃতা দিতে গিয়ে উদয়নিধি বলেন, ‘অন্য রাজ্যের নেতারাও স্ট্যালিনকে সামনে এসে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।’

পশ্চিমবঙ্গ ও তামিলনাডুর আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ‘ইন্ডিয়া’ জোটের দুই বড় শরিক ডিএমকে ও কংগ্রেসের মধ্যে এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। অনেকের মতে, এই মন্তব্যের মাধ্যমে একদিকে কংগ্রেসকে চাপে রাখা এবং অন্যদিকে আসন সমঝোতার আলোচনায় প্রভাব বিস্তার করার কৌশল নেওয়া হয়েছে।

নেতৃত্ব বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আঞ্চলিক শক্তির উত্থান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাডুর এমকে স্ট্যালিন, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব বা বিহারের তেজস্বী যাদব, প্রত্যেকেই নিজেদের রাজ্যে শক্তিশালী নেতৃত্বের প্রতীক। তাঁদের সমর্থকরা মনে করছেন, বিজেপির শক্তিশালী সংগঠনের মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন, যিনি শুধু কংগ্রেসের প্রতিনিধি নন, বরং বৃহত্তর বিরোধী ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশংকর আইয়ারের মতো নেতারাও বিকল্প নেতৃত্বের সম্ভাবনার কথা বলায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, ‘ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী মুখ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়।’

তবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর পক্ষে যুক্তি দিচ্ছেন কংগ্রেস নেতারা। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘সর্বভারতীয় উপস্থিতি ও সাংগঠনিক কাঠামোর বিচারে কংগ্রেস এখনও বিরোধী শিবিরের কেন্দ্রবিন্দু। বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে ধারাবাহিক প্রচার, সংসদে আক্রমণাত্মক ভূমিকা এবং বিভিন্ন ইস্যুতে সরব অবস্থান, এসব ক্ষেত্রে রাহুল গান্ধির সক্রিয়তা অনস্বীকার্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *