উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরুদ্ধে ফলো অন এড়াতে না পারলেও ইনিংস বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ৫১৮ রান। জবাবে রোস্টন চেজদের প্রথম ইনিংস শেষ হল ২৪৮ রানে। ২৭০ রানে পিছিয়ে থাকায় ক্যারিবিয়নদের ফলো অনে পাঠায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনের শেষে ২ উইকেটে করেছে ১৭৩ রান। তবু ইনিংসে হার এড়াতে রোস্টন চেজের দলকে করতে হবে আরও ৯৮ রান।
প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে সুবিধা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। কুলদীপের স্পিন সামলাতে হিমশিম খেতে হয় ক্যারিবিয়ন ব্যাটারদের। তাঁরা নিয়মিত ব্যবধানে উইকেট হারান। প্রথমে কুলদীপের বলে বোল্ড হন হোপ (৩৬)। ব্যাটার ইমলাচের (২১) উইকেটও তুলেন নেন কুলদীপ। বাঁহাতি স্পিনার আউট করেন জাস্টিন গ্রেভসকেও (১৭)। টেস্ট ক্রিকেটে ইনিংসে পঞ্চম বার পাঁচ উইকেট পেলেন কুলদীপ। শেষ দিকে খারি পিয়ের (২৩), অ্যান্ডারসন ফিলিপস (অপরাজিত ২৪), জেডেন সিলসেরা (১৩) আগ্রাসী ব্যাটিং করে ব্যবধান কিছুটা কমাতে পারলেও ফলো অন এড়াতে পারেননি। কুলদীপ ৫ উইকেট নেন ৮২ রান খরচ করে। ৪৬ রানে ৩ উইকেট জাডেজার।
ফলো অনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ করেননি ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার। তেজনারায়ন চন্দ্রপল এবং জন ক্যাম্পবেল ধরে খেলার চেষ্টা করছিলেন। কিন্ত মহম্মদ সিরাজের একটি খাটো লেংথের বলে পুল করতে গিয়ে শুভমনের হাতে ধরা পড়ে যান চন্দ্রপল (১০)। কিছু ক্ষণের মধ্যেই ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড আউত হন অ্যালিক অ্যাথানাজ (৭)। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩৫। ইনিংসে হার বাঁচাতে দরকার ২৩৬ রান।
চা পানের বিরতির পর দলে হাল ধরেন ক্যাম্পবেল এবং হোপ। তৃতীয় উইকেটের জুটিতে পাল্টা লড়াই শুরু করেন তাঁরা। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহদের বল অনায়াসে সামলে দিলেন তাঁরা। দিনের শেষ ক্যাম্পবেল ৮৭ রানে এবং হোপ ৬৬ রানে অপরাজিত থাকলেন। ১০ রানে ১ উইকেট সিরাজের। ৪৪ রানে ১ উইকেট ওয়াশিংটনের।
