উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। স্কোরবোর্ডে মাত্র ৬ রান উঠতেই প্যাভিলিয়নে দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। কিন্তু সেখান থেকেই শুরু হলো ‘সূর্য-উদয়’। অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিধ্বংসী ৮২ এবং ঈশান কিষাণের (Ishan Kishan) ঝোড়ো ৭৬ রানের ওপর ভর করে নিউজজিল্যান্ডকে ৭ উইকেটে চূর্ণ করল ভারত। ২৮ বল বাকি থাকতেই ২০৯ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি (Ind-NZ T20 Sequence) সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন সূর্যকুমাররা।
২০৯ রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয়েছিল অত্যন্ত হতাশাজনক। প্রথম ওভারেই আউট হন সঞ্জু স্যামসন (৬)। এরপর খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন গত ম্যাচের নায়ক অভিষেক শর্মা। ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলেন ঈশান কিষাণ ও অধিনায়ক সূর্যকুমার যাদব। ঈশান মাত্র ২১ বলে ৫১ রান পূর্ণ করেন এবং আউট হওয়ার আগে করেন ৭৬ রান। সোধির বলে ঈশান যখন আউট হন, ভারতের স্কোর তখন ১২৮।
ঈশান আউট হলেও নিউজ়িল্যান্ডের বোলারদের ওপর দয়া দেখাননি সূর্যকুমার। মাত্র ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৩২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল বাউন্ডারি ও ওভার-বাউন্ডারির বৃষ্টি। তাঁকে যোগ্য সঙ্গ দেন শিবম দুবে (৩৬ অপরাজিত)। এই দুজনের দাপটে মাত্র ১৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় সুবিধা পায় নিউজ়িল্যান্ড। ডেভন কনওয়ে ও টিম সেইফার্টের ঝোড়ো শুরুতে প্রথম ৩ ওভারেই ৪৩ রান তুলে ফেলে কিউয়িরা। তবে তরুণ পেসার হর্ষিত রানা প্রথম ব্রেক-থ্রু এনে দেন। রাচীন রবীন্দ্র (৪৪) ও অধিনায়ক মিচেল স্যান্টনারের (৪৭ অপরাজিত) ব্যাটে ভর করে ২০৮ রান তোলে নিউজ়িল্যান্ড। ভারতের হয়ে সফলতম বোলার কুলদীপ যাদব ৩৫ রানে ২ উইকেট নেন। এছাড়া হর্ষিত, হার্দিক, বরুণ ও অভিষেক ১টি করে উইকেট পান।
