উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৪ দিন ধরে কোনও সাড়াশব্দ নেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে রাওয়ালপিন্ডি সেন্ট্রাল জেলে (আদিয়ারা জেল) বন্দি রয়েছেন ইমরান। কিন্তু প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধানের এত দীর্ঘ নীরবতার কথা মেনে নিতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা। এমন পরিস্থিতিতে ২৪ দিন আগে ইমরানের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট চর্চায় উঠে এসেছে। এক্স হ্যান্ডলে গত ৫ নভেম্বর ইমরান লেখেন, ‘আমাদের দেশে বর্তমানে সংবিধান বা আইনের কোন শাসন নেই। বরং, এটি ‘আসিম আইন’-এর অধীনে চলছে। আসিম মুনির ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক এবং মানসিকভাবে অস্থির। তার শাসনে নিপীড়নের মাত্রা অতুলনীয়।’
গত ৫ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার বোনের সাথে সাক্ষাতের পর ইমরান খানের পোস্ট করা মন্তব্য তার বর্তমান অবস্থার ইঙ্গিতবাহী হতে পারে বলে মনে করা হচ্ছে। ইমরান আসিম মুনিরের বিরুদ্ধে এককভাবে পুরো দেশকে পরিচালনা করার অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, তাকে ‘ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। ইমরানের কথায় যিনি ‘ক্ষমতার লোভ মেটানোর জন্য যেকোনও কিছু করতে সক্ষম।’ ইমরানের দাবি, তিনি ও তাঁর স্ত্রী বুশরা বিবি ‘সব ধরণের নিষ্ঠুরতার’ মুখোমুখি হচ্ছেন। এবং তাঁরা আত্মসমর্পণ করবেন না। ইমরানের দাবি, মুনিরের নির্দেশেই ইচ্ছাকৃতভাবে তাঁকে বন্দী করে রাখা হয়েছে।’ এদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ইমরানের বোন আলিমা খান। এদিন আলিমার সঙ্গে ছিলেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও অন্য পিটিআই নেতারা। মামলার আবেদনে বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে সপ্তাহে মঙ্গল ও বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা ছিল। কিন্তু আদিয়ালা জেল কর্তৃপক্ষ তা মানছেন না। ইমরানের ছেলে কাশিম এক এক্স পোস্টে দাবি করেছেন, তাঁর বাবাকে গত ৬ সপ্তাহ ধরে অমানবিক পরিস্থিতিতে একটি জনবিচ্ছিন্ন সেলে আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ইমরানপুত্র। পাশাপাশি তার বাবা যে বেঁচে আছেন সরকারের কাছে তার প্রমাণও দাবি করা হয়েছে।
