উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) নেতা ইমরান খানের (Imran Khan) মৃত্যুর গুজব ওড়ালেন তাঁর দলেরই সেনেটর তথা গুরুত্বপূর্ণ নেতা খুররম জিশান (Khurram Zeeshan)। তাঁর দাবি, বেঁচে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি তিনি। শুধু তাই নয়, আরও এক বিস্ফোরক দাবি করেছেন জিশান। তিনি জানিয়েছেন, পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্য ইমরানকে চাপ দিচ্ছে শাসকগোষ্ঠী।
এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জিশান জানান, পাক সরকার ইমরান খানের জনপ্রিয়তা নিয়ে ভীত। আর সেই কারণে তারা তাঁর কোনও ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে আইসোলেশনে থাকা অবস্থায় তাঁকে পরিবার, আইনজীবী, এমনকি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তাঁকে দিয়ে জোর করে কিছু একটা করাতে চাইছে সরকার।’ এরপরই ইমরানের মৃত্যুর গুজবের অবসান ঘটিয়ে তিনি বলেন, ‘বিগত কয়েকদিনে আমাদের একটি গ্যারান্টি দেওয়া হয়েছে, যা আমাদের আশ্বস্ত করেছে। তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি ঠিক আছেন।’
পাক সরকার ইমরান খানের সঙ্গে কী চুক্তি করতে চাইছে তা জিজ্ঞাসা করা হলে পিটিআইয়ের সেনেটর বলেন, ‘ইমরান খানকে দেশ ত্যাগ করতে বলা হচ্ছে। এমনকি বিদেশে গেলে তাঁকে পছন্দের জায়গায় থাকতে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু তাঁকে চুপ থাকতে হবে।’ এরপরই জিশান বলেন, ‘তিনি যে ধরনের নেতা, তিনি কখনই এই প্রস্তাব মানবেন না।’
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রথমে ক্ষমতাচ্যুত করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ, একাধিক মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি রয়েছেন তিনি।
