উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 world Cup) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘকালীন অনিশ্চয়তা কাটাতে এবার সরাসরি মধ্যস্থতায় নামছে আইসিসি। শুক্রবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির একটি বিশেষ প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশে এসে বিসিবি ও সরকারের সঙ্গে বৈঠকে বসবে (ICC Go to Bangladesh)। এই বৈঠকেই কার্যত নির্ধারিত হবে, লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবেন কি না।
কয়েক দিন আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিবি ও আইসিসি আলোচনায় বসেছিল। সেখানে ভারত সফরের ক্ষেত্রে নিরাপত্তার অভাব রয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থানে অনড়। আসিফ নজরুল সাফ জানিয়েছেন, “আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই। ভেন্যু বদল অসম্ভব নয় এবং আমরা আমাদের দাবি থেকে একচুলও নড়ব না।”
পরিস্থিতি আরও জটিল হয়েছে ক্রিকেটারদের একাংশ বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায়। এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা আইসিসির ‘ইন্টারনাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টের নাম করে দাবি করেছিলেন যে, মুস্তাফিজুরকে দলে রাখলে নাকি নিরাপত্তার ঝুঁকি বাড়বে। যদিও আইসিসি সূত্রে জানা গেছে, এই ধরণের কোনো রিপোর্ট বা দাবি তারা করেনি। মূলত রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে ঢাল করে বাংলাদেশ দল ভারতে আসতে অনীহা প্রকাশ করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আইসিসির এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, ক্রিকেটের স্বার্থে এই জট খোলা জরুরি। শেষ পর্যন্ত আইসিসি ভেন্যু বদলের দাবিতে সায় দেয় নাকি বাংলাদেশকে কড়া বার্তা পাঠায়, এখন সেটাই দেখার।
