উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হাঙ্গেরির পূর্বাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে পড়ল একটি পোল্যান্ডের পর্যটকবোঝাই বাস (Hungary Bus Crash)। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন পোলিশ নাগরিক (Polish Vacationers Killed)। এই ভয়াবহ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জনেরও বেশি যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি ৫৭ জন যাত্রী এবং ২ জন চালককে নিয়ে হাঙ্গেরির মেজোকেরেসতেস (Mezokeresztes) শহরের কাছে এম৩ মোটরওয়ে ধরে নাইরেগিয়াজা (Nyiregyhaza) শহরের দিকে যাচ্ছিল। রবিবার ভোরের দিকে সোজা রাস্তা ধরে যাওয়ার সময় হঠাৎই বাসটি সড়ক থেকে বিচ্যুত হয়ে পাশের খাদে গড়িয়ে পড়ে ও উলটে যায়। দুর্ঘটনার তীব্রতায় বাসের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং যাত্রীদের ব্যাগপত্র ও পোশাক জাতীয় সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
প্রাথমিক তদন্তের পর হাঙ্গেরি পুলিশের অনুমান, চলন্ত অবস্থায় বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে হেপাজতে নিয়েছে এবং দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে।
এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নওরোকি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘হাঙ্গেরিতে আমাদের বহু দেশবাসীর মৃত্যু ও দুর্ঘটনার মর্মান্তিক খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত।’ হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ারও এই ঘটনায় শোকবার্তা প্রকাশ করেছেন।
পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানিয়েছেন যে তাঁদের বিদেশ মন্ত্রক হাঙ্গেরি কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছে এবং দুর্ঘটনাকবলিত পর্যটকদের পরিবারের পাশে থাকার সবরকম চেষ্টা করা হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাঙ্গেরি পুলিশ।

