Holi Particular Dessert | রং খেলার পর মিষ্টিমুখ হোক স্পেশাল! সহজ পদ্ধতিতে ঘরেই বানান ঠান্ডাইয়ের রকমারি পদ

Holi Particular Dessert | রং খেলার পর মিষ্টিমুখ হোক স্পেশাল! সহজ পদ্ধতিতে ঘরেই বানান ঠান্ডাইয়ের রকমারি পদ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল মানেই রংয়ের উৎসব, আর সেই উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে প্রয়োজন জমিয়ে ভূরিভোজ। বসন্তের এই উৎসবে রং খেলার পাশাপাশি বিকেল বা সন্ধ্যার ঘরোয়া আড্ডায় ‘ঠান্ডাই’ না থাকলে ঠিক জমে না। তবে এবার আর বাজার চলতি ঠান্ডা পানীয় নয়, ঘরে বানানো বিশেষ ঠান্ডাই পাউডার দিয়েই আপনি বাজিমাত করতে পারেন। এই এক পাউডারেই তৈরি হবে তিন ধরনের জিভে জল আনা মিষ্টি (Holi Particular Dessert)।

বাড়িতেই তৈরি করুন ঠান্ডাই পাউডার

আধ কাপ করে কাঠবাদাম, কাজু ও পেস্তা নিন। এর সঙ্গে ২০-২৫টি গোলমরিচ, ১০টি এলাচ, ২ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ চারমগজ, ২ টেবিল চামচ মৌরি, সামান্য জাফরান, শুকনো গোলাপের পাপড়ি এবং এক চা চামচ জায়ফল গুঁড়ো মিশিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিলেই তৈরি ম্যাজিক পাউডার।

এক উপকরণে ৩ রকম মিঠাই

ঠান্ডাই রসমালাই: লিটার দুয়েক দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। তাতে চিনি ও ঠান্ডাই পাউডার মিশিয়ে কয়েকটা রসগোল্লা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিন। উপর থেকে পেস্তাকুচি ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন রাজকীয় রসমালাই।

ঠান্ডাই পপস: দুধ ঘন করে তাতে অল্প চালের গুঁড়ো, চিনি এবং ঠান্ডাই পাউডার মিশিয়ে ক্ষীর তৈরি করুন। মিশ্রণটি ঠান্ডা হলে কুলফির ছাঁচে বা বরফ জমানোর ট্রে-তে আইসক্রিমের কাঠি দিয়ে জমিয়ে নিন। ছোটদের কাছে এটি হবে দোলের সেরা চমক।

ঠান্ডাই ভাপা দই: জল ঝরানো টক দই, কনডেন্সড মিল্ক এবং এই ঠান্ডাই পাউডার মিশিয়ে টিফিন বক্সে ভরে ভাপিয়ে নিন মিনিট ২৫। সারারাত ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

এই দোলে সাধারণ শরবতের বদলে ঠান্ডাইয়ের এই রকমারি স্বাদ আপনার আতিথেয়তায় আনবে নতুনত্বের ছোঁয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *