উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের উৎসবে রংয়ের আনন্দ মেতে ওঠার সময় সবচেয়ে বেশি যত্ন প্রয়োজন আমাদের চোখের। রাসায়নিক মিশ্রিত রং বা আবির চোখের সংস্পর্শে এলে কর্নিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে (Holi)। অনেকেই প্রশ্ন করেন, রং খেলার সময় চশমার বদলে কনট্যাক্ট লেন্স পরা কি নিরাপদ? চিকিৎসকদের মতে, এর উত্তর হল— না।
লেন্স পরে রং খেলা কেন ঝুঁকিপূর্ণ?
কনট্যাক্ট লেন্স মূলত জলীয় ও নরম উপাদানে তৈরি। লেন্স ও চোখের মণির মাঝে খুব সামান্য ফাঁকা জায়গা থাকে। রং বা আবিরের সূক্ষ্ম কণা ওই ফাঁকে ঢুকে গেলে লেন্স তা শুষে নেয়। এর ফলে দীর্ঘক্ষণ রাসায়নিক চোখের সংস্পর্শে থাকে, যা থেকে কর্নিয়ার আলসার বা চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হয়। এছাড়া নোংরা হাতে লেন্স খোলা যায় না বলে সংক্রমণ আরও ঘনীভূত হয়।
রঙের উৎসবে চোখের সুরক্ষায় যা মানবেন:
১. রং খেলার আগে চোখের চারপাশে নারকেল তেল বা কোল্ড ক্রিম মেখে নিন। এতে রং গড়িয়ে সরাসরি চোখের ভেতরে ঢুকতে বাধা পাবে।
২. চোখে রং ঢুকে গেলে ভুলেও নোংরা হাতে চোখ ঘষবেন না। এতে ঘর্ষণে কর্নিয়া ছড়ে যেতে পারে।
৩. অস্বস্তি হলে দ্রুত পরিষ্কার ও ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
৪. লেন্সের চেয়ে চশমা শতগুণ নিরাপদ। ভালো মানের সানগ্লাস পরলে রং সরাসরি চোখে ঢুকতে পারে না এবং ‘ড্রাই আইজ’-এর সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
মনে রাখবেন, রংয়ের আনন্দ যেন চোখের বিষাদ হয়ে না দাঁড়ায়। সামান্য অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। যদি জল দেওয়ার পরেও চোখ লাল হওয়া বা জ্বালা করা না কমে, তবে দেরি না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
