উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ৪ জুন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। এখনও মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে হিনার। এরই মাঝে জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। তাঁদের বিয়ের ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে সূত্রের খবর, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং পাপারাজ্জিদের নিয়ে শীঘ্রই রিসেপশন পার্টির (Reception occasion) আয়োজন করার কথা ছিল হিনা খানের। কিন্তু আচমকাই তা বাতিল (Cancelled) করে দিলেন তিনি। এজন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত অভিনেত্রীর?
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ঘটে যাওয়া আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি বাতিল করেছেন হিনা। ঘটনায় শোকপ্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন যে, এই মুহূর্তটি উদযাপনের জন্য উপযুক্ত বলে মনে হয়নি তাঁর। সেই জন্যই অনুষ্ঠান বাতিল করে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন হিনা তিনি।
প্রসঙ্গত, কলকাতার ছেলে রকির সঙ্গে হিনার দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক। ২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে প্রথম দেখা হয়েছিল দুজনের। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের বন্ধন তৈরি হয়। ২০১৭ সালে প্রেমের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আনেন তাঁরা। জীবনের সমস্ত ওঠাপড়ায় হিনার পাশে ছিলেন রকি। এমনকি হিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই সব সময়ের জন্য হিনাকে আগলে রেখেছেন তিনি। সেই দীর্ঘদিনের প্রেমিককেই আইনি মতে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন হিনা।
