রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুর: উৎসবের আনন্দের মাঝেই সাতসকালে শিল্পাঞ্চল দুর্গাপুরে (Durgapur) নেমে এলো বিষাদের ছায়া। ১৯ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (Highway accident) প্রাণ হারিয়েছেন একই বাইকে থাকা তিন তরুণ-তরুণী। মৃতরা হলেন, আসানসোলের হিরাপুর থানা এলাকার বার্নপুরের বাসিন্দা দুই বন্ধু সায়ন গোস্বামী ও তন্ময় ঘোষ, এবং তাঁদের সঙ্গে থাকা বাঁকুড়ার বাসিন্দা বান্ধবী কৃষ্ণা গঙ্গোপাধ্যায়।
প্রাথমিক তথ্যানুযায়ী, রবিবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে পিয়ালার অভিমুখে যাওয়ার সময় দ্রুতগতির বাইকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় চলা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের আঘাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে বাইকে সওয়ার তিনজনই ছিটকে জাতীয় সড়কে পড়ে যান।
ঘটনার আকস্মিকতায় জাতীয় সড়কজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। দূর থেকে প্রত্যক্ষদর্শীরা ভিড় জমান এবং খবর পেয়ে দুর্গাপুর ট্রাফিক পুলিশের দল অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে। তৎক্ষণাৎ তাঁদের নিকটবর্তী দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রের খবর, মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। পুজোর দিন সকালে এই মর্মান্তিক পরিণতির খবর পৌঁছোতেই শোকে ভেঙে পড়েছেন নিহতদের স্বজনেরা। খবর পেয়ে ইতিমধ্যেই তাঁদের পরিজনেরা দুর্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। উৎসবের সূচনালগ্নেই গতি ও অসাবধানতার বলি হয়ে এমন তিনটি তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

