উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওপার বাংলায় আগুন জ্বলছে। তখত পাল্টেছে মাস চারেক আগেই, কিন্তু স্বস্তি ফেরেনি বাংলাদেশের সাধারণ মানুষের। এরই মধ্যে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Hasina speaks on India-Bangladesh diplomatic pressure)। ভারতের মাটিতে ‘আশ্রয়’ নিয়ে থাকা হাসিনার মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে সব মহলেই।
কী বললেন হাসিনা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের (India-Bangladesh relation) সাম্প্রতিক নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করা হলে হাসিনা বলেন, ‘সম্পর্কের অবনতি, যা আপনারা লক্ষ্য করছেন, তা পুরোপুরি ইউনূসের তৈরি।’ হাসিনার দাবি, ভারত ও বাংলাদেশের মধ্যকার যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক ছিল, বর্তমান অস্থিরতা তাতে গভীর ক্ষত তৈরি করছে। ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশনীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশাপ্রকাশ করেছেন তিনি। হাসিনা বলেন, ‘ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী।’
বাংলাদেশে সাম্প্রতিক হিংসার কারণ ব্যাখ্যা করে হাসিনা বলেন, ‘এই অশান্তি ইউনূস জমানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, সংবাদপত্রগুলির অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে, আমার পরিবারের সদস্যদের প্রাণরক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে।’
উত্তরবঙ্গের উদ্বেগ
সীমান্তবর্তী জেলা হওয়ায় শিলিগুড়ি (Siliguri) থেকে দিনহাটা (Dinhata)— উত্তরবঙ্গের মানুষের নজর সবসময়ই ওপারের দিকে। রাজনৈতিক মহলের মতে, হাসিনার এই ‘স্মার্ট মুভ’ আদতে ইউনূসের সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।
