সৌরভ রায়, হরিরামপুর: হরিরামপুর ব্লকের (Harirampur) বৈরহাট্টা পঞ্চায়েত এলাকার মালিয়ানদিঘি জেলা পরিষদের এক্তিয়ারভুক্ত। সেই সরকারি দিঘিতে শনি ও রবিবার দু’দিন ধরে দেদারে চলল মাছ লুট। সব জেনেও প্রশাসন চোখ বন্ধ করে রেখেছে বলে অভিযোগ কংগ্রেস নেতা সোনা পালের। তবে পুলিশ সূত্রের দাবি, বিষয়টি যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন, তাই আদালত বা জেলা প্রশাসনের কোনও নির্দেশ না আসা পর্যন্ত কোনও পদক্ষেপ করে নতুন করে ঝামেলায় জড়াতে চাইছে না পুলিশ।
এদিকে সোনার বক্তব্য, কয়েক বছর ধরে ওই দিঘি নিয়ে উচ্চ আদালতে মামলায় অন্য কেউ সেখানে মাছ চাষ করতে পারছে না। কিন্তু স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেস নেতার মদতে ওই দিঘিতে সরকারি অনুমতি ছাড়াই মাছ চাষ চলছিল। কংগ্রেস এ বিষয়ে ব্লক প্রশাসন, পুলিশ এমনকি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ করেছে। এরই মধ্যে দু’দিন ধরে অবাধে মাছ ধরা চললেও প্রশাসন কেন কোনও পদক্ষেপ করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সোনা। সোনা বলেন, ‘এর বিরুদ্ধে সোমবার হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের সহ আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’ এই প্রসঙ্গে হরিরামপুর থানা কোনও বক্তব্য দিতে রাজি হয়নি।
ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দীপঙ্করকুমার রায় বলেন, ‘ব্লক থেকে সমস্ত দিঘির বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের জন্য চিঠি করা হয়েছে। এখন বিষয়টি জেলার।’ এ প্রসঙ্গে জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার জানান, ওই দিঘির ব্যাপারে খোঁজ না নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মনোজিৎ দাসের দাবি, এই বিষয়ের সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।
