উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্যাস, অম্বল, ডায়ারিয়া কিংবা পেটের ব্যথায় নাজেহাল আট থেকে আশি। বিশেষ করে গরম বাড়লে ভাইরাস ও ব্যাকটিরিয়ার দাপটে খাদ্যনালিতে সংক্রমণের হার বেড়ে যায়। চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যার মূলে রয়েছে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক পদ্ধতিতে হাত না ধোয়ার অভ্যাস। আমরা অনেকেই মনে করি হাত ধুয়ে নিলেই কাজ শেষ, কিন্তু অজান্তেই থেকে যাচ্ছে কিছু বড় ভুল। দেখে নিন হাত ধোয়ার (Hand Hygiene) সময় কোন ৫টি ভুল আপনার বিপদ বাড়াচ্ছে:
ভেজা হাত ফেলে রাখা
সাবান দিয়ে ধোয়ার পর হাত শুকনো করে মোছা অত্যন্ত জরুরি। ভেজা হাতে দ্রুত নতুন জীবাণু জন্মায়। হাত ধুয়ে পরিষ্কার তোয়ালে বা টিস্যু ব্যবহার করুন; জামাকাপড়ে হাত মোছার অভ্যাস ত্যাগ করাই ভালো।
আঙুলের ফাঁক ও নখ এড়িয়ে যাওয়া
কেবল হাতের তালু ঘষলেই হাত পরিষ্কার হয় না। জীবাণু লুকিয়ে থাকে নখের তলায় এবং আঙুলের ফাঁকে। হাত ধোয়ার সময় এই অংশগুলোতে বিশেষ নজর দিন।
বাইরের সংস্পর্শে অসতর্কতা
শুধু খাওয়ার আগে বা শৌচাগার ব্যবহারের পর হাত ধোওয়াই যথেষ্ট নয়। লিফটের বোতাম, বাসের হ্যান্ডল বা এটিএম ব্যবহারের পর হাতে অজস্র জীবাণু লেগে থাকে। তাই সঙ্গে রাখুন অন্তত ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার।
অতিরিক্ত স্যানিটাইজার নির্ভরতা
সাবান-জল হাতের নাগালে থাকলে স্যানিটাইজারের বদলে সাবান ব্যবহার করাই শ্রেয়। স্যানিটাইজার বিকল্প হতে পারে, কিন্তু সাবান দিয়ে হাত ধোয়ার মতো কার্যকর নয়।
সময়ের অভাব
জীবাণু পুরোপুরি ধ্বংস করতে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়া জরুরি। কিন্তু সমীক্ষা বলছে, বেশিরভাগ মানুষই গড়ে মাত্র ৬ সেকেন্ড হাত ধোন। এই তাড়াহুড়ো কিন্তু পেটের রোগের পথ প্রশস্ত করে।
