উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোজা চুলের তুলনায় কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া এবং কেশসজ্জা করা কিছুটা ভিন্নতর চ্যালেঞ্জ। জট ছাড়াতে গিয়ে চুলের ক্ষতি হওয়ার ঝুঁকিও থাকে বেশি। তবে নামী দামী প্রসাধনী নয়, বরং রান্নাঘরের সাধারণ কিছু উপাদান ব্যবহার করেই কোঁকড়ানো চুলে ফিরিয়ে আনা যায় প্রাকৃতিক আর্দ্রতা ও মসৃণভাব।
১. মেথি-দইয়ের ম্যাজিক প্যাক: মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে তার মিহি পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে ২ চামচ মেথি পেস্ট, ২ চামচ মুলেঠি গুঁড়ো, ২ চামচ হেনা, পরিমাণমতো দই এবং একটি চটকানো কলা মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি চুলে মেখে ৩০ মিনিট রাখুন। শ্যাম্পু করার পর দেখবেন চুলে এসেছে একদম হেয়ার স্পা-এর মতো জেল্লা।
২. কলা ও মধুর পুষ্টি: চুলকে ঘন করতে কলা এবং আর্দ্রতা ধরে রাখতে মধু অত্যন্ত কার্যকর। একটি পাকা কলা পিষে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। বাড়তি পুষ্টির জন্য সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল মেশাতে পারেন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঈষদুষ্ণ জলে ধুয়ে নিলে চুল হবে রেশমের মতো নরম।
৩. অ্যালো ভেরা ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ: রুক্ষতা কমাতে ৪ চামচ তাজা অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং ২ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করলে চুলের প্রাকৃতিক মসৃণতা বজায় থাকে এবং চুল বাউন্সি দেখায়।
