উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ৩০ দিনের প্যারোলে মুক্তি পেল গুরমিত রাম রহিম সিং। সে বর্তমানে দুটি ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা ভোগ করছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার সুনারিয়া জেলে বন্দি রাম রহিমকে মঙ্গলবার সকালে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪-এর জানুয়ারিতে ৫০ দিনের জন্য মুক্তি পেয়েছিল রাম রহিম। সেই সময় লোকসভা ভোট ছিল। গত বছর অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের তিন দিন আগেও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে ফের এক মাসের জন্য মুক্তি পেল ধর্ষণে সাজাপ্রাপ্ত এই ‘গুরু’।
হরিয়ানার ফতেহাবাদ, কুরুক্ষেত্র, কাইথাল, হিসার সহ রাজ্য জুড়ে রাম রহিমের অনুসারী রয়েছে। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সিরসায় নিজের আশ্রমে যাবে যাবে সে। এর আগে শেষবার রাম রহিম যখন প্যারোলে বেরিয়েছিল, তখন তাকে শুধু উত্তরপ্রদেশের বাগপতের আশ্রমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্রতিবার ভোটের ঠিক আগে তার মুক্তিতে অন্য গন্ধ পাচ্ছেন বিরোধীরা।
