উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দা অসুস্থ। মঙ্গলবার রাতে আচমকা তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান। অভিনেতাকে জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অভিনেতার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দাল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে টেলিফোনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে গোবিন্দাকে ওষুধ দেওয়া হয়েছিল। রাতে তিনি আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান। রাত ১টা নাগাদ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ৬১ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁদের আশ্বস্ত করে ললিত বিন্দাল জানিয়েছেন, গোবিন্দার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ওঁর বেশ কিছু মেডিকেল টেস্ট হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। তাই ঠিক কী কারণে গোবিন্দা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। রিপোর্ট এলে সবকিছু স্পষ্ট হবে।
