শিলিগুড়ি: কোচবিহারের দিনহাটা (Dinhata) দিয়ে চোরাপথে বিদেশি সোনা নিয়ে এসে তা শিলিগুড়িতে (Siliguri) পাচারের ছক কষা হয়েছিল বলে অভিযোগ। তবে সেই পাচারের ছক বানচাল করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা। সোনার বিস্কুট (Gold Seized) সহ গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম, মুজ্জফর হুসেন। সে কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির বাসিন্দা।
অভিযোগ, গতকাল দুপুরে সিতাইয়ের সাগরদিঘি সেতুর ওপর দিয়ে বাইকে করে সোনাগুলি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সীমান্ত পেরেয়ি সোনা দিনহাটায় নিয়ে আসা হয়। সেগুলির কিছু অংশ শিলিগুড়ির দিকে পাচার করা হচ্ছে বলে খবর আসে গোয়েন্দাদের কাছে। সেইমতো বিভিন্ন এলাকায় গোয়েন্দারা আগে থেকে ফাঁদ পেতেছিলেন। যে নম্বরের বাইকে সোনা পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই খবরও গোয়েন্দাদের কাছে ছিল। সন্দেহ হওয়ায় গতকাল মুজ্জফরকে প্রথমে পথে আটকানো হয়। সোনা পাচারের কথা প্রথমে স্বীকার করতে চায়নি সে। গোয়েন্দারা অভিযুক্তকে সন্ধ্যায় শিলিগুড়ির অফিসে নিয়ে আসে। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি চালাতেই ৬টি সোনার বিস্কুট ও ২টি সোনার টুকরো বাজেয়াপ্ত হয়। সোনার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি সে। এরপরই ওই ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বাজেয়াপ্ত সোনার মোট ওজন ৮১২ গ্রাম। যার বাজার মূল্য ৯৬ লক্ষ ২৬ হাজার ২৬০ টাকা। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালাতে আদালতে পেশ করা হয়।
গোয়েন্দাদের তরফের আইনজীবী রতন বণিক বলেন, ‘ওই সোনার বিস্কুটগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী ও বিভিন্ন বিদেশি সোনার কোম্পানির নাম উল্লেখ ছিল। যেই আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের মাধ্যমে সোনা পাচার করা হচ্ছিল, তার সন্ধান মিলেছে। যারা এর পেছনে রয়েছে, তাদের খোঁজ শুরু হয়েছে।’
