উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার একটি নাইটক্লাবে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ সূত্র জানা গিয়েছে, ক্লাবের কাঠের কাঠামো এবং আসবাবপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া, ক্লাবে মাত্র দুটি বাইরে বেরনোর পথ (exit gates) থাকায় বহু মানুষ ভেতরে আটকা পড়েন।
কর্তৃপক্ষ এও স্পষ্ট করেছে যে, কোনও বিস্ফোরণ ঘটেনি। দাহ্য অভ্যন্তরীণ কাঠামোর কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা এও নিশ্চিত করেছেন যে, বেশিরভাগ মৃত্যু হয়েছে ক্লাবের ভূগর্ভস্থ রান্নাঘরের ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে। মৃত ২৫ জনের মধ্যে ২৩ জনের শরীরে কোনও দগ্ধ চিহ্ন ছিল না, যা ইঙ্গিত দেয় যে, অক্সিজেনের অভাবের কারণে তাঁদের মৃত্যু হয়েছিল। মাত্র দুটি দেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল।
পুলিশ সূত্র জানিয়েছে, ১৭টি দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং ৬টি দেহ ইতিমধ্যে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এপর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ক্লাবের গেট ম্যানেজার ঠাকুরও রয়েছে। ক্লাবের মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশের একটি দল দুই মালিককে খুঁজে বের করতে দিল্লিতে রওনা হয়েছে, যারা বর্তমানে পলাতক বলে মনে করা হচ্ছে।
