Girls’s ODI World Cup | বৃথা গেল রিচার অনবদ্য ইনিংস, বিশ্বকাপের ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দিল প্রোটিয়ারা

Girls’s ODI World Cup | বৃথা গেল রিচার অনবদ্য ইনিংস, বিশ্বকাপের ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দিল প্রোটিয়ারা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় ভারতীয় দলের টপ অর্ডার। কিন্তু রিচা ঘোষের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে ২৫২ রানের লক্ষমাত্রা বেঁধে দিতে সক্ষম হয় ভারতীয় শিবির। এদিনের ম্যাচে যখন রিচা ব্যাট করতে নামেন, তখন ভারতের স্কোর ৬ উইকেটে মাত্র ১০২। তখনও বাকি প্রায় অর্ধেক ইনিংস। দলের মহাতারকাদের ব্যর্থতার দিনে (মন্ধানা ২৩, হরমনপ্রীত ৯, জেমাইমা ০), রিচার ওপর দায়িত্ব ছিল দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার। আর তিনি যা করলেন তা যেন তাঁর হারানো ফর্মের জবাব।

প্রথম দিকে ধীরে খেলে ৫৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর রিচার ব্যাটে যেন ঝড় উঠল। গিয়ার বদলে পরের ২৪ বলে ৪৪ রান যোগ করেন তিনি। শেষ ১০ ওভারে ভারত তোলে ৯৮ রান, যার সিংহভাগই আসে রিচার ব্যাট থেকে। যে বোলিং আক্রমণ সামলাতে পারছিলেন না প্রথম সারির ব্যাটাররা, সেই আক্রমণকেই ছেলেখেলা করে ১১টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।

৯৪ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন রিচা। অল্পের জন্য শতরান ফসকালেও, তাঁর এই ইনিংস বহুদিন মনে রাখার মতো। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার এই লড়াইয়ে যোগ্য সঙ্গত দেন স্নেহ রানা। তিনি ন’নম্বরে নেমে ২৪ বলে ৩৩ রান করেন। রিচা ফিরতেই অবশ্য ৪৯.৫ ওভারে ২৫১ রানে অল আউট হয়ে যায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ড(৭০)। ৪৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে যান ক্লোয়ে ট্রিয়ন। এরপর ইনিংসের শেষদিকে নাডিন ডি ক্লার্কের ঝোড়ো ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *