উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তাঁর ফাউন্ডেশনের বিরুদ্ধে চলা একটি ফৌজদারি মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কোভিড চলাকালীন কোভিড-১৯-এর ওষুধ অবৈধভাবে মজুত ও বিতরণ করার অভিযোগে এই মামলা দায়ের করেছিল দিল্লি সরকারের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট। শুক্রবার (২১ নভেম্বর) বিচারপতি নীনা বনসল কৃষ্ণ মামলাটি খারিজ করে দেন। আদালত জানিয়ে দেয়, “ফৌজদারি অভিযোগ বাতিল করা হল।”
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় পূর্ব দিল্লির তৎকালীন সাংসদ গৌতম গম্ভীর তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে কোভিড রোগীদের মধ্যে ওষুধ বিতরণ শুরু করলে এই বিতর্কের সূত্রপাত হয়।অভিযোগ ছিল, সেই সময় লাইসেন্স ছাড়া ওষুধ মজুত ও বিতরণ করা হয়েছে, যা ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট-এর সেকশন ১৮(সি) ও ২৭(বি)(ii)-এর লঙ্ঘন।
এরপরেই অভিযোগ দায়ের হয়, গৌতম গম্ভীর, তাঁর স্ত্রী নাতাশা গম্ভীর, মা সীমা গম্ভীর (উভয়েই ফাউন্ডেশনের ট্রাস্টি), এবং ফাউন্ডেশনের সিইও অপরাজিতা সিং-এর নামে। অভিযোগ দায়েরের পর ট্রায়াল কোর্ট গম্ভীর ও অন্যদের বিরুদ্ধে সমন জারি করেছিল। সেই সমন এবং ফৌজদারি মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে গৌতম গম্ভীর তাঁর পরিবারের সদস্য ও ফাউন্ডেশন-সহ দিল্লি হাইকোর্টে আবেদন করেন। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্ট প্রথমে ট্রায়াল কোর্টের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়।
দিল্লি ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট অবশ্য এই আবেদনের বিরোধিতা করে যুক্তি দেয় যে, লাইসেন্স ছাড়া ওষুধ বিতরণ একটি স্বীকার্য অপরাধ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে দিল্লি হাইকোর্ট আবেদনকারীদের পক্ষেই রায় দিল। হাইকোর্টের এই আদেশের ফলে গৌতম গম্ভীর এবং তাঁর ফাউন্ডেশনের বিরুদ্ধে শুরু হওয়া সমস্ত ফৌজদারি প্রক্রিয়া বাতিল হয়ে গেল।
