উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানা ১০ দিন কারাবাসের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ‘বাংলা পক্ষ’-এর (Bangla Pokkho) প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় জামিন পাওয়ায় গর্গ চট্টোপাধ্যায়ের জেলমুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না। খুব দ্রুতই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানা গেছে। এই খবরে দলের নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১২ মে ইভিএম সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার (Arrest) করা হয়। নির্বাচন চলাকালীন সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগ তুলে উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক (DEO) লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে দু’বার তলব করলেও হাজিরা দেননি বলে দাবি করা হয়। এরপরই ১২ মে গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক শুনানিতে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেওয়ায় তাঁকে জেলেই থাকতে হয়।
এদিন ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হলে, বিচারক শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, ২,০০০ টাকার বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, গর্গ চট্টোপাধ্যায়কে প্রতি সপ্তাহে একবার মামলার তদন্তকারী অফিসারের সাথে দেখা করতে হবে এবং তদন্তের প্রতিটি পর্যায়ে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে হবে।
এর আগে ময়দান থানায় দায়ের হওয়া মামলায় তিনি জামিন পেয়েছিলেন। এবার সাইবার থানার মামলা থেকেও জামিন পাওয়ায় স্বস্তিতে তাঁর পরিবার ও সংগঠন। গর্গ চট্টোপাধ্যায়ের মুক্তি ঘিরে এদিন আদালতের বাইরেও কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন পর্বের এই বিতর্কিত অধ্যায়ের পর তাঁর মুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
