গঙ্গারামপুর: রাজ্য সরকারের কনস্টেবল পদের পরীক্ষার আগে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে দু’দিন আগে গঙ্গারামপুর থানার পুলিশ (Gangarampur Police) গ্রেপ্তার করে এক সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী-কে। এবার তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে উঠে এল আরও একজনের নাম। একই অভিযোগে বৃহস্পতিবার সুভাষ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি গঙ্গারামপুরের (Gangarampur) যাদববাটি কারগিল মোড় এলাকায়। ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২০ লক্ষেরও বেশি টাকা, একটি ল্যাপটপ, ৩টি মোবাইল ও কিছু নথি। তবে আগামী রবিবার কনস্টেবল পদের পরীক্ষার আগে এমন ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। তার পালটা দিয়েছেন রাজ্যের শাসক দলও।
এদিন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী যাদববাটি গ্রামের কারগিল মোড়ে সুভাষ বিশ্বাসের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। তবে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার তার পুরোনো কোনও রেকর্ড রয়েছে কিনা এবং উদ্ধার হওয়া নথির কনস্টেবল পদের পরীক্ষার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখে জানানো যাবে বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার এই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী রবিবার কনস্টেবল নিয়োগের পরীক্ষা আছে, আমরা খবর পেয়েছিলাম ওরা কিছু ক্যান্ডিডেটের কাছ থেকে তথ্য নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেছিল। সেই কেসে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই কেসেই তদন্ত করে সুভাষ বিশ্বাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হলো। তার কাছে থেকে ২০ লক্ষের বেশি টাকা, একটি ল্যাপটপ, ৩টি মোবাইল, তার সঙ্গে সঙ্গে কিছু ডকুমেন্টসও বাজেয়াপ্ত করা হয়েছে।’
