উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে এলপিজি (LPG) সংকটের (Fuel Disaster) মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের (Petroleum Ministry India) পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব গ্রাহকের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস (PNG Fuel Connection) পৌঁছায়, তাঁরা আর সিলিন্ডার ব্যবহারের সুবিধা পাবেন না। অবিলম্বে তাঁদের সিলিন্ডার সংযোগ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই নয়া নিয়ম অনুযায়ী, যে সমস্ত গ্রাহকের বাড়িতে পিএনজি (PNG) সংযোগ রয়েছে, তাঁরা এখন থেকে আর কোনও রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বা পরিবেশকের কাছ থেকে সিলিন্ডার রিফিল করতে পারবেন না। মূলত জ্বালানি অপচয় রোধ এবং সংকটের সময়ে প্রকৃত অভাবী গ্রাহকদের কাছে সিলিন্ডার পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, পাইপলাইন সংযোগ থাকা সত্ত্বেও অনেকে বাড়তি সুবিধা হিসেবে সিলিন্ডার মজুত করে রাখছেন, যার ফলে বাজারে সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এই দ্বৈত সংযোগ রুখতে পরিবেশকদের ডেটাবেস খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। যে সব গ্রাহক এই নিয়ম লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা বড় অঙ্কের জরিমানা করা হতে পারে বলেও সূত্রের খবর।
