উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup) কাউন্টডাউন শুরু হয়ে গেছে, হাতে বাকি মাত্র ১০ দিন। কিন্তু ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে একটাই কাঁটা বিঁধছিল— মাঠে বল গড়াবে, অথচ প্রিয় খেলাটি সরাসরি দেখার সুযোগ মিলবে কি? সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার ১ জুন এল সেই মাহেন্দ্রক্ষণ। জি এন্টারটেনমেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ফিফার একাধিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে তারা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জি এন্টারটেইনমেন্টের ঘোষণার পরই নেটপাড়ায় স্বস্তির হাওয়া। শুধু ২০২৬-এর বিশ্বকাপ নয়, ২০২৭ ও ২০৩১ সালের মহিলাদের বিশ্বকাপ, এমনকি ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ— সব মিলিয়ে মোট ৩৯টি আন্তর্জাতিক ইভেন্টের এক্সক্লুসিভ সম্প্রচার করবে জি। খেলা সরাসরি দেখা যাবে মোট ৪টি চ্যানেলে— ইউনিট৮ স্পোর্টস ১, ইউনিট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনিট৮ স্পোর্টস ২ এবং ইউনিট৮ স্পোর্টস ২ এইচডি। ডিজিটাল দর্শকদের জন্য সুখবর, ‘জি ফাইভ’ (Zee) অ্যাপেও থাকছে বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং।
ফিফার সাথে এই দীর্ঘমেয়াদী চুক্তির পেছনে রয়েছে বিপুল বিনিয়োগ। সূত্রের খবর, ফিফার সাথে ৮ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে জি। প্রতিযোগিতায় অন্য অনেক কোম্পানি থাকলেও, ফিফার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ দর হেঁকেই বাজিমাত করেছে ভারতীয় এই মিডিয়া হাউস।
আগামী ১১ জুন থেকে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এবারের বিশ্বকাপ স্পেশাল, কারণ এই প্রথমবার ৪৮টি দেশ শিরোপার লড়াইয়ে সামিল হচ্ছে। খেলার পরিধি বাড়ছে, উত্তেজনার পারদও তুঙ্গে। দীর্ঘ অনিশ্চয়তার পর ফুটবলপ্রেমীদের জন্য এই ঘোষণা নিশ্চিতভাবেই এক বড় প্রাপ্তি। এখন শুধুই অপেক্ষা ১১ জুনের, যখন গ্লোবাল ফুটবলের ‘মেগা শো’-র পর্দা উঠবে।
