ভাস্কর শর্মা, ফালাকাটা: স্বেচ্ছায় রক্তদান শিবির করার কেউ অনুমতি চাইলেই এখন কপালে চিন্তার ভাঁজ তৈরি হয় ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের। কারণ শিবির করতে যাওয়ার জন্য নিজস্ব কোনও অ্যাম্বুল্যান্স নেই হাসপাতালের। কিন্তু তাই বলে কি রক্তদান শিবির বন্ধ থাকছে! তা কিন্তু নয়। বরং রক্তদান শিবিরের আবেদন এলে সেখানে যাতায়াতের জন্য এখন অ্যাম্বুল্যান্স ভাড়া করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। মোটা টাকায় বাইরে থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া করেই এখন রক্তদান শিবির সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা সামলাতে হচ্ছে। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে হাসপাতালের চিকিৎসক সহ রক্ত নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার।
যদিও ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালের (Falakata Tremendous Speciality Hospital) সুপার শুভাশিস শী বলেন, ‘এই মুহূর্তে অ্যাম্বুল্যান্স ভাড়া করেই রক্তদান শিবির করা হচ্ছে। বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তর জানে।’
ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতাল হয়েছে প্রায় ৯ বছর। তারপর ৫ বছর ধরে হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করা হয়েছে। কিন্তু হাসপাতালে প্রথম থেকেই নিজস্ব কোনও অ্যাম্বুল্যান্স নেই। তাই এতদিন অ্যাম্বুল্যান্স ভাড়া করেই রক্তদান শিবির সহ নানা কাজ চালাতে হচ্ছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে থাকা একটি আধুনিকমানের অ্যাম্বুল্যান্স এতদিন ব্যবহার করত সুপারস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু গত জুন মাস থেকে নাকি ওই অ্যাম্বুল্যান্সটিও বিকল হয়ে পড়ে আছে। তারপর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্স ভাড়া করে এনে কাজ সারছে।
বিশেষ করে রক্তদান শিবিরগুলিতে যাতায়াত এবং সঠিকভাবে সংগৃহীত রক্ত হাসপাতালে নিয়ে আসার জন্য এখন ভাড়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে হাসপাতাল চত্বরেই দুটি অ্যাম্বুল্যান্স পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর মধ্যে একটি অ্যাম্বুল্যান্স জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং আরেকটি ব্লক স্বাস্থ্য আধিকারিকের নামে নথিভুক্ত আছে। কিন্তু ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালের নামে কোনও অ্যাম্বুল্যান্স নেই। এই অবস্থায় এতদিন রক্তদান শিবির হোক বা গুরুত্বপূর্ণ কোনও স্বাস্থ্য বিষয়ক কাজে ওই অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করত হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু গত প্রায় ছয়-সাত মাস ধরে দুটি অ্যাম্বুল্যান্সই বিকল হয়ে পড়ে আছে। আর তারপর থেকেই বিপাকে পড়ে সুপারস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ।
ফালাকাটা সুপারস্পেশালিটির মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে নিজস্ব কোনও অ্যাম্বুল্যান্স না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে রক্ত নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার। রক্ত নিয়ে কাজ করা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভজিৎ সাহা বলেন, ‘এত বড় একটি হাসপাতালের নিজস্ব কোনও অ্যাম্বুল্যান্স নেই, এটা ভাবাই যায় না। তার উপর রক্তের মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় স্থায়ী অ্যাম্বুল্যান্স না থাকাটাও চিন্তার বিষয়।’ শহরের বাসিন্দা প্রতাপ সাহার কথায়, ‘শুধু অ্যাম্বুল্যান্সই নয়, হাসপাতালে জরুরি অনেক পরিষেবাও মেলে না। স্বাস্থ্য দপ্তরের উচিত হাসপাতালের দিকে নজর দেওয়া।’
