Falakata Cattle Market Closed | ফালাকাটায় ৪০ বছরের পুরনো গোরুর হাট বন্ধ! চরম বিপাকে সাধারণ মানুষ, কেন এই সিদ্ধান্ত?

Falakata Cattle Market Closed | ফালাকাটায় ৪০ বছরের পুরনো গোরুর হাট বন্ধ! চরম বিপাকে সাধারণ মানুষ, কেন এই সিদ্ধান্ত?

শিক্ষা
Spread the love


ফালাকাটা: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর পুলিশ-প্রশাসনের কড়া নির্দেশে বন্ধ হয়ে গেল ফালাকাটা ব্লকের শিশাগোড়ের দীর্ঘ ৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গোরুর হাট (Falakata Cattle Market Closed)। প্রতি সোমবার সকাল থেকেই এই হাটে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমতো। কিন্তু প্রশাসনের আকস্মিক এই সিদ্ধান্তের জেরে সোমবার সকালে বহু মানুষ হাটে এসে ফিরে যান। গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান এই কেন্দ্রটি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিন হাটে এসে চরম বিপাকে পড়েন অনেকে। বংশীধরপুর গ্রামের বাসিন্দা বিপ্লব সরকার জানান, তাঁর বোন জামাইয়ের চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। চিকিৎসার খরচ জোগাতে একটি গাভী গোরু বিক্রি করতে হাটে এসেছিলেন। কিন্তু হাট বন্ধ থাকায় এবং বাড়ি থেকেও গোরু বিক্রি না হওয়ায় কীভাবে চিকিৎসার টাকা জোগাড় করবেন, তা ভেবে তিনি দিশেহারা। একই সুর রাইচেঙ্গার কালিপদ নন্দীর গলায়। পরিবারের আর্থিক অনটনের কারণে গোরু বিক্রি করতে এসে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, গ্রামীণ মানুষের কথা মাথায় রেখে সরকার যেন দ্রুত এই হাট চালু করার ব্যবস্থা করে।

শিশাগোড় হাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সরকার জানান, “এখানে সম্পূর্ণ বৈধভাবেই এতদিন হাট চলতো। কিন্তু পুলিশের তরফে আপাতত হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই সোমবার বেচাকেনা হয়নি।”

অন্যদিকে, এই বিষয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন স্পষ্ট জানান, “বৈধভাবে গোরু কেনাবেচায় কোনও বিধিনিষেধ নেই। প্রশাসন মূলত গোরু পাচার বন্ধ করতে এই পদক্ষেপ করেছে। ওই হাটের ব্যাপারে সমস্ত বৈধ নথিপত্র দেখিয়ে জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হলে, আগামীদিনে অবশ্যই নিয়ম মেনে পুনরায় হাট চালু হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *