ফালাকাটা: আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ লিংক রোডের একটি সেতুর কাজকে কেন্দ্র করে ক্ষুব্ধ ফালাকাটা-আলিপুরদুয়ার সংলগ্ন এলাকার বাসিন্দারা (Falakata)। পুঁটিমারি মোড় থেকে ঘোকসাডাঙ্গা যাওয়ার পথে পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে গিরিয়া নদীর উপর দীর্ঘ ৩০ বছর ধরে একটি জরাজীর্ণ সেতু ছিল। দু’মাস আগে আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে ৪০ লক্ষ টাকা ব্যয়ে সেখানে নতুন পাকা সেতুর কাজ শুরু হলেও, বর্তমানে তা সাধারণ মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা গিয়েছে, গত এক সপ্তাহের বৃষ্টিতে সেতুর নির্মাণকাজ পুরোপুরি থমকে গিয়েছে (Bridge building)। এদিকে, স্থানীয়দের অভিযোগ, নদীর উপর কোনও উপযুক্ত অস্থায়ী রাস্তা বা ডাইভারশন তৈরি না করায় চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা। যাতায়াতের জন্য নদীর পাশে একটি সরু বাঁশের সাঁকো তৈরি করা হলেও সামান্য বৃষ্টিতেই তা জলের নীচে তলিয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাইক বা সাইকেল পারাপার করতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন নদীতে পড়ে গিয়ে জখম হয়েছেন। অনেকে আবার তিন-চার কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
তাই রবিবার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে এই পরিস্থিতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। তাঁদের দাবি, অবিলম্বে হিউম পাইপ বসিয়ে একটি মজবুত ডাইভারশন তৈরি করতে হবে যাতে বৃষ্টির মধ্যেও যাতায়াত স্বাভাবিক থাকে। বিক্ষোভ চলাকালীন সেতুর কাজের গুণমান নিয়েও প্রশ্ন তোলেন গ্রামবাসী। তাঁদের অভিযোগ, যে মানের রড (১০ ও ১২ এমএম) ব্যবহার করা হচ্ছে, তা দিয়ে তৈরি সেতু দীর্ঘস্থায়ী হবে না। এই নিম্নমানের কাজ বন্ধ করে সঠিকভাবে সঠিক সামগ্রী ব্যবহারের দাবি জানানো হয়েছে। যদিও কাজের সুপারভাইজার নিলয় শিকদার সাফ জানিয়েছেন যে, কাজ শিডিউল মেনেই চলছে এবং শুধুমাত্র বৃষ্টির কারণেই তা সাময়িক বন্ধ রাখা হয়েছে। সোমবারের মধ্যে বিকল্প যাতায়াত ব্যবস্থার উন্নতির আশ্বাসও দিয়েছেন তিনি।
