উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল ছোটদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঘরে ঘরে। এর প্রধান কারণ ডায়েটে পর্যাপ্ত ফাইবারের অভাব। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩০ গ্রাম ফাইবার জরুরি, যা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি ওজন ও সুগার নিয়ন্ত্রণে রাখে। কিন্তু বাচ্চার পাতে জোর করে সবজি তোলা প্রায় অসম্ভব! চিন্তা নেই, সবজি না খেলেও কিছু খাবার রয়েছে, যা খুদের ফাইবারের ঘাটতি মেটাবে ম্যাজিকের মতো (Excessive-Fiber Meals)।
ডাল ও ছোলা: আধ কাপ সেদ্ধ ডাল বা এক কাপ কাবুলি ছোলা থেকে প্রায় ৬-৮ গ্রাম ফাইবার পাওয়া যায়। এটি প্রোটিনেরও দারুণ উৎস।
ওটস ও দানাশস্য: সকালের জলখাবারে ওটস, কিনোয়া বা ডালিয়া রাখুন। এক বাটি দালিয়া বা কিনোয়া থেকে শরীর পায় প্রায় ৫-৮ গ্রাম ফাইবার।
আপেল ও নাশপাতি: খোসা সমেত আপেল বা নাশপাতি ফাইবারের ভাণ্ডার। একটি মাঝারি মাপের ফলে প্রায় ৭ গ্রাম ফাইবার থাকে। এছাড়া বেরি জাতীয় ফলও খুব কার্যকর।
চিয়া ও ফ্ল্যাক্স সিডস: মাত্র ২ চামচ চিয়া সিডে ১০ গ্রাম ফাইবার থাকে। তবে এটি খাওয়ার সময় প্রচুর জল পান করা জরুরি। আবার ফ্ল্যাক্স সিড বা তিসি গুঁড়ো করে খাওয়ালে ভালো ফল মেলে।
তবে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত জল পানের অভ্যাস করান। জল কম খেলে ফাইবারের কারণে উলটে কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে।
