চালসা: ফের লোকালয়ে গজরাজ। খাবারের লোভে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালাল হাতি (Elephant Assault)। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও হাতিটি হামলা চালিয়েছে। সেই সময় কোনওক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে মাটিয়ালী ব্লকের বাতাবাড়ির যোগেশপাড়া এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, শনিবার গভীর রাত ৩টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে ওই এলাকায় চলে আসে। প্রথমেই সেখানে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দা ভেঙে দেয় হাতিটি। এলাকার একটি বাড়িতে ঢুকে মজুত ধানও সাবাড় করে। দু’টি বাড়ির ঘরের বেড়াও ক্ষতিগ্রস্ত করে হাতিটি। এরপর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। এই ঘটনার পরই এলাকার জনগণ রাতে বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন। বন দপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
