উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এবং ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’-এর প্রধান নেমেসিও ওসেগুয়ারা ওরফে ‘এল মেঞ্চো’র মৃত্যুকে (El Mencho Killed) কেন্দ্র করে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার এই দেশে (Mexico cartel violence)। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর তাপালপাতে বিশেষ বাহিনীর অভিযানে আহত হওয়ার পর জেল হেপাজতে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সি এল মেঞ্চোর। আর এই খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো জুড়ে শুরু হয়েছে ভয়াবহ তাণ্ডব।
এল মেঞ্চোর মৃত্যুর বদলা নিতে মেক্সিকোর অন্তত ২০টি রাজ্যে সমন্বিত হামলা শুরু করেছে বন্দুকধারীরা। রবিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ২৫০টি জায়গায় রাস্তায় গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে একাধিক শহরের আকাশ। বিশেষ করে গুয়াদালাজারা এবং পুয়ের্তো ভাল্লার্তার মতো পর্যটন শহরগুলি এখন কার্যত ভূতুড়ে শহরে পরিণত হয়েছে।
পুয়ের্তো ভাল্লার্তা বিমানবন্দরে বন্দুকযুদ্ধের আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে এয়ার কানাডা, ইউনাইটেড এবং আমেরিকান এয়ারলাইন্সের মতো বড় সংস্থাগুলি তাদের সমস্ত উড়ান বাতিল করেছে। পর্যটকদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই সংঘর্ষে ৭ জন ন্যাশনাল গার্ড সৈন্য সহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। জালিস্কোর গভর্নর পাবলো লেমাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং স্কুল-কলেজ সহ গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
আমেরিকা, কানাডা এবং ভারত সরকারের পক্ষ থেকে মেক্সিকোতে বসবাসকারী তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে ভারতীয়দের ভিড় এড়িয়ে চলতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেন্টানিল সহ বিভিন্ন মাদক পাচারের মূল পান্ডা এল মেঞ্চোর মৃত্যু মেক্সিকো সরকারের জন্য বড় সাফল্য হলেও, তার অনুগামীদের এই নজিরবিহীন পালটা হামলা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে বড়সড়ো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
