Egg Recipe | সাধারণ ডিমেই রাজকীয় স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘এগ লবাবদার’

Egg Recipe | সাধারণ ডিমেই রাজকীয় স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘এগ লবাবদার’

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির পাতে ডিমের হরেক রকমের পদ চিরকালই জনপ্রিয়। ডিমের কোর্মা থেকে শুরু করে ভাপা—ভাত কিংবা রুটির সঙ্গে ডিম থাকলে যেন খাওয়ার তৃপ্তিই আলাদা। তবে প্রতিদিনের একঘেয়ে রান্নায় যদি আনতে চান ভিন্ন স্বাদের ছোঁয়া, তবে অনায়াসেই ট্রাই করতে পারেন ‘এগ লবাবদার’। নাম শুনলেই জিভে জল আনা এই পদটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু।

কী কী উপকরণ লাগবে? এই রান্নার জন্য প্রয়োজন ৪-৫টি সেদ্ধ হাঁসের ডিম। পাশাপাশি লাগবে ২টো মাঝারি পেঁয়াজ, ১টি টম্যাটো, ৭-৮টি কাজুবাদাম, ১ টেবিল চামচ চারমগজ, ৭-৮ কোয়া রসুন, ৫-৬টি কাঁচালঙ্কা, ২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ টেবিল চামচ ঘি, ১টি তেজপাতা, ৩-৪টি গোলমরিচ, ১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং স্বাদমতো নুন-চিনি।

পদ্ধতি: ১. প্রথমে ডিমগুলো সেদ্ধ করে লম্বালম্বিভাবে কেটে নিন। এরপর সামান্য নুন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে সাদা তেলে হালকা ভেজে তুলে রাখুন। তবে একটি আস্ত সেদ্ধ ডিম আলাদা করে মিহি করে কুচিয়ে নিতে হবে।

২. কড়াইতে সাদা তেল গরম করে গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিন। এতে ডুমো করে কাটা পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা ভেজে নিন। এরপর টম্যাটো, কাজুবাদাম, চারমগজ, সামান্য হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন।

৩. মিশ্রণটিতে সামান্য জল দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ হতে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

৪. এবার কড়াইতে ঘি গরম করে মিক্সিতে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে কুচিয়ে রাখা ডিমের টুকরোগুলো মিশিয়ে নিন।

৫. এবার ভেজে রাখা সেদ্ধ ডিমের টুকরোগুলো কড়াইতে দিয়ে সামান্য জল যোগ করুন। ঝোল ফুটে ঘন হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ও গ্রেট করা ডিম ছড়িয়ে দিলেই তৈরি আপনার ‘এগ লবাবদার’।

পোলাও, নান কিংবা রুমালি রুটির সঙ্গে এই পদটি পরিবেশন করলে বাড়ির সদস্য থেকে অতিথি—প্রত্যেকেই আঙুল চাটতে বাধ্য হবেন। ছুটির দিনে সাধারণ ডিমের ডালনাকে অসাধারণ করে তুলতে এই রেসিপির জুড়ি মেলা ভার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *