রাজা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের কেন্দ্রীয় এজেন্সির নজরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব-ইনস্পেক্টর (SI) মনোরঞ্জন মণ্ডল। বুধবার সাতসকালে দুর্গাপুরে (Durgapur) ওই পুলিশ আধিকারিকের বাসভবনে অতর্কিতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা (ED Raid)। গত ৩ ফেব্রুয়ারি প্রথমবার তল্লাশির পর, এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় দফার অভিযান। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কড়া পাহারায় সকাল থেকেই শুরু হয়েছে জোরদার তল্লাশি।
সূত্রের খবর, গত ৩ ফেব্রুয়ারি ইডি আধিকারিকরা দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু অভিযোগ, একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে হাজিরা দেননি। বুধবার সকালে ফের ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন। এই মুহূর্তে ওই পুলিশ আধিকারিক বাড়িতে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।
কেন এই অভিযান?
কোন মামলার সূত্রে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে ইডির তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজ্য পুলিশের একজন আধিকারিকের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির বারবার হানা দেওয়াকে কেন্দ্র করে শিল্পাঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক মহলে জল্পনা, কোনও বড়সড়ো আর্থিক লেনদেন বা অন্য কোনও দুর্নীতির তদন্তে ইডির হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসেছে, যার ভিত্তিতেই এই পুনরায় অভিযান।
আদালতের দ্বারস্থ আধিকারিক
অন্য একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির এই অতিসক্রিয়তা এবং বারংবার সমন পাঠানোর বিরুদ্ধে ইতিমধেই আদালতের দ্বারস্থ হয়েছেন মনোরঞ্জন মণ্ডল। তবে আদালত ও এজেন্সির এই টানাপোড়েনের মাঝেই বুধবারের তল্লাশি অভিযান নতুন মাত্রা যোগ করল।
