দুর্গাপুর: বাড়ি থেকে ডেকে এনে মাদক খাইয়ে বেহুঁশ করে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল দুর্গাপুরে (Durgapur)। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রবিবার দিনভর উত্তাল ছিল ইস্পাত নগরী।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, বুদবুদ এলাকার বাসিন্দা সিমরান তামাং নামে এক তরুণী শনিবার ওই নাবালিকাকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। অভিযোগ, এরপরই একটি চারচাকা গাড়িতে বসিয়ে মেয়েটিকে মদ্যপান করানো হয়। মদের সাথে নেশাজাতীয় কোনো ওষুধ মিশিয়ে তাকে সম্পূর্ণ অচৈতন্য করে ফেলা হয়। এরপর দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে রাজ মল্লিক ও শেখ আজারুদ্দিন সহ তিন যুবক মিলে তার ওপর পাশবিক নির্যাতন চালায়।
পৈশাচিক এই ঘটনার পর অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ এক টোটোচালকের নজরে আসে ওই অসহায় কিশোরী। তাঁর মাধ্যমেই খবর পেয়ে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করেন এবং বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার গুরুত্ব বুঝে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরই তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনাও সংগ্রহ করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা করে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
