উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান (ASEAN) সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসীম মুনিরকে ‘মহান মানুষ’ বলে ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার চলতি সংঘাত তিনি খুব দ্রুত সমাধান করে দেবেন।
থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প সংঘাত নিরসনে তাঁর প্রশাসনের ভূমিকাকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেন। তিনি আরও দাবি করেন যে, তাঁর প্রশাসন মাত্র আট মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে এবং গড়ে প্রতি মাসে একটি করে যুদ্ধ বন্ধ করা হয়েছে।
ট্রাম্প বলেন, “গড়ে প্রতি মাসে আমরা একটি করে যুদ্ধ বন্ধ করেছি। আর একটি মাত্র অবশিষ্ট, যদিও আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তান আবার সংঘাত শুরু করেছে। কিন্তু আমি এটি খুব দ্রুত সমাধান করে দেব। আমি তাদের দু’জনকেই জানি। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী মহান মানুষ এবং এতে আমার কোনও সন্দেহ নেই যে, আমরা দ্রুত এটি সম্পন্ন করতে পারব।”
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে গাজার শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন, ‘ট্রাম্প মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে সাহায্য করে লাখ লাখ জীবন বাঁচিয়েছেন।’ এই অবদানের জন্য তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করারও আহ্বান জানান।
তবে ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে হওয়া সংঘর্ষবিরতি চুক্তিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না। পাহালগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর চার দিন পর এই সংঘাতের অবসান ঘটেছিল।
