উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে। যা নিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে যথেষ্ট টানাপোড়েন চলছে। তারই মধ্যে সোমবার ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, ভারত বর্ধিত শুল্ক কমিয়ে শূন্যে নামিয়ে আনতে বলেছে। কিন্তু এর জন্য যথেষ্ট দেরি হয়ে গিয়েছে।
বেজিংয়ে এসসিও সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের বৈঠকের পর করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ ‘একতরফা বিপর্যয় (One Sided Catastrophe)’। তাঁর দাবি, উচ্চ শুল্কের কারণে আমেরিকা ভারতে পণ্য বিক্রি করতে অক্ষম। ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘…তারা আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে, আমরা তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, কিন্তু আমরা খুব কম বিক্রি করি, এখনও পর্যন্ত সম্পূর্ণ একতরফা সম্পর্ক, এবং এটি বহু দশক ধরে। কারণ হল ভারত এখন পর্যন্ত আমাদের উপর এত উচ্চ শুল্ক আরোপ করেছে, যে কোনও দেশের তুলনায় আমাদের পণ্য আমরা ভারতে বিক্রি করতে অক্ষম। এটি সম্পূর্ণ একতরফা বিপর্যয়।’
শুল্ক আরোপের ক্ষেত্রে তীব্র ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এছাড়াও, রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য কমানোর ওয়াশিংটনের দাবি ভারত প্রত্যাখ্যান করার পরে তারা শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার ফলে আমেরিকায় ভারতীয় পণ্যে মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
