উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি উত্তরপ্রদেশের বরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাড়ির সামনে পরপর গুলি চালায় (Firing) অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। মোটরবাইকে করে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি (Jagdish Patani)। গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্যরা এই হামলার দায় স্বীকার করেছে। দিশার দিদি খুশবু পাটানি হিন্দু ধর্মের অসম্মান করেছে বলেই এই হামলা হয়েছে বলে খবর। তবে এনিয়ে অবশেষে মুখ খুলেছেন দিশার বাবা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে জগদীশ বলেন, ‘৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। যা আরেকটু হলেই আমার গায়ে এসে লাগত। কিন্তু আমার পোষ্য কুকুর জোরে ডাকতে শুরু করে। তাই সঙ্গে সঙ্গে আমি সতর্ক হয়ে যাই। নাহলে আমার গায়ে লাগত সেই গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়ের নাম অযথা জড়ানো হচ্ছে। আমরা সনাতনী। আমরা সাধুসন্তদের সম্মান করি। খুশবুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে। তবে গুলি পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি এই দেশের নয়, বিদেশে তৈরি। সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেছে।’
উল্লেখ্য, মহিলাদের নিয়ে মন্তব্য করার জন্য গত মাসে অনিরুদ্ধাচার্যকে বিঁধেছিলেন দিশার দিদ খুশবু। তিনি প্রেমানন্দ মহারাজকে নিয়েও মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। যদিও পরে সেই পোস্ট ডিলিটও করে দিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার ভোরে আচমকাই দিশার বরেলির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এবার সেই প্রসঙ্গেই নীরবতা ভাঙলেন অভিনেত্রীর বাবা।
