দিনহাটা: রবিবারের পড়ন্ত বিকেলে মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী থাকল দিনহাটার ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকা। কাজ সেরে ফেরার মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো পাঁচজন পাথর শ্রমিকের (Dinhata Employee Dying)। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ গোটা জেলা। স্থানীয় সূত্রে জানা গেছে, কোয়ালিদহ এলাকার একটি স্টোন চিপস তৈরির কারখানায় কর্মরত ছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। কাজ শেষে ৮-৯ জন শ্রমিক মিলে একটি বিশাল লোহার লিফট মেশিন সরানোর চেষ্টা করছিলেন। সেই সময় মেশিনের উপরিভাগ কারখানার ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে আসে। লোহা বিদ্যুতের পরিবাহী হওয়ায় মুহূর্তের মধ্যে গোটা মেশিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং পাঁচজন শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকরা হলেন— মুকুল বর্মন, দীপক সেন, সঞ্জয় বর্মন, মিঠুন বর্মন এবং সুমন রায়। এছাড়াও ৩ জন গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার পর কারখানার বৈধতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একদিকে কারখানার ধুলোয় এলাকায় টেকা দায়, অন্যদিকে শ্রমিকদের নিরাপত্তার কোনো বালাই ছিল না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং কারখানার পরিকাঠামোগত কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই শোকাবহ ঘটনা গোটা দিনহাটায় গভীর ছায়া ফেলেছে।
