উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ বিজেপির অন্দরে এখন অন্যতম চর্চার বিষয় দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। সম্প্রতি সল্টলেকের বিজেপি দপ্তরে নিজের জীবনপঞ্জি বা বায়োডেটা জমা দিয়েছেন তিনি (BJP candidate)। মেদিনীপুর শহর, বীজপুর অথবা নিউটাউন— এই তিনটির মধ্যে যে কোনও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কুদেবী। স্ত্রীর এই পদক্ষেপ নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপবাবু স্পষ্ট জানান, রিঙ্কু মজুমদার দলে তাঁর থেকেও পুরোনো কার্যকর্তা। তাঁর কথায়, ‘দলে ও আমার থেকেও পুরোনো। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে তাই আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করছে। কে প্রার্থী হবেন, তা দল ঠিক করবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, নিজের রাজনৈতিক সত্ত্বা নিয়ে আত্মবিশ্বাসী রিঙ্কু মজুমদার। তিনি জানান, ২০১৩ সাল থেকেই তিনি নিউটাউনের বাসিন্দা এবং দলের একনিষ্ঠ কর্মী। পারিবারিক বিপর্যয় সামলেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস আগে। কিন্তু দীর্ঘ সময় ধরে দলের হয়ে কাজ করছি। আমার একটা রাজনৈতিক সত্ত্বা আছে। লড়াই করতে চাই এবং জিততে চাই।’
বিজেপির সল্টলেক দপ্তরে জমা দেওয়া বায়োডেটায় রিঙ্কুদেবী নিজেকে তৃণমূল স্তরের সক্রিয় নেত্রী হিসেবে তুলে ধরেছেন। দিলীপ ঘোষের স্ত্রীর প্রার্থী হওয়ার আবেদন বিজেপির প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, কেন্দ্রীয় নেতৃত্ব রিঙ্কু মজুমদারের এই আবেদনে সিলমোহর দেয় কি না।
