উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৫ ডিসেম্বর অর্থাৎ গতকালই মুক্তি পেয়েছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। আদিত্য ধর পরিচালিত ছবিটি নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ঠিক সেইমতো মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলল ‘ধুরন্ধর’।
সিনেমা বিশেষজ্ঞেরা মনে করেছিলেন, প্রথমদিনে ‘ধুরন্ধর’-এর আয় হয়তো ১৫-১৮ কোটি টাকার মধ্যেই থাকবে। কিন্তু প্রথমদিনে প্রায় ২৭ কোটি টাকারও বেশি আয় করেছে রণবীর সিং অভিনীত ছবিটি (Field Workplace Assortment)। যা ছাপিয়ে গিয়েছে ‘সাইয়ারা’র রেকর্ডকে। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ছবিটি প্রথমদিনে ২১.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। ৫ ডিসেম্বর দেশজুড়ে ৩৩.৮১ শতাংশ ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। প্রায় চার হাজারেরও বেশি শো প্রথমদিনই বুক করা হয়েছে।
যদিও প্রথমদিনে ‘ধুরন্ধর’ ভালো ব্যবসা করলেও ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ বা ‘ছাওয়া’র রেকর্ড ভাঙতে পারেনি। গত ফেব্রুয়ারিতে ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবিটি প্রথমদিনে ৩১ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে, অক্টোবরে মুক্তি পাওয়া ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ আয় করেছিল ৬০ কোটি টাকা। তবে এর আগে রণবীর অভিনীত ছবিগুলির তুলনায় ভালো ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। ২০১৮ সালে ‘পদ্মাবত’ প্রথমদিনে ১৯ কোটি টাকা আয় করেছিল। ‘সিম্বা’ ২০.৭২ কোটি এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ আয় করেছিল ১১ কোটি টাকা।
‘ধুরন্ধর’ দেখে স্বামী রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধুরন্ধর দেখলাম। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের ছবিটির প্রতিটি মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত আমি। পুরো টিমকে অভিনন্দন।’ ছবিটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল সহ অন্যান্যরা।
