Dhruv Rathee Defamation Case | গুরুগ্রামে ইউটিউবার ধ্রুব রাঠির বাড়ির দরজায় সাঁটানো হলো আদালতের সমন! মানহানি মামলায় বাড়ল আইনি চাপ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee Defamation Case)-র বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলায় এবার আইনি পদক্ষেপ আরও কড়া হলো। দিল্লির সাকেত আদালতের নির্দেশমতো ধ্রুব রাঠির গুরুগ্রামের বাসভবনের দরজায় সমন ও নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে অবস্থিত তাঁর বাড়িতে এই নোটিস সাঁটানো হয়। বিজেপির আইটি সেলের সদস্য বিকাশ সংকৃত্যায়ন (যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত) এই মানহানির মামলাটি দায়ের করেছেন। এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৭ অক্টোবর।

এই সমগ্র আইনি বিতর্কের সূত্রপাত হয়েছিল দীর্ঘ সময় আগে, ২০১৮ সালে। ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘BJP IT Cell Half 2’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেছিলেন। অভিযোগকারী বিকাশ পাণ্ডের দাবি, ওই ভিডিওটিতে তাঁর ও বিজেপি আইটি সেলের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য অভিযোগ তোলা হয়েছে।

ভিডিওটিতে দাবি করা হয়েছিল যে, বিকাশ পাণ্ডের মাধ্যমে মহাবীর প্রসাদ নামে এক ব্যক্তিকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শুধু তাই নয়, ধ্রুব রাঠিকে বিতর্কিত কাজে ফাঁসানোর বা বদনাম করার জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও তাতে অভিযোগ করা হয়। বিকাশ পাণ্ডের বক্তব্য, এই সমস্ত মিথ্যা ও বানোয়াট অভিযোগ তাঁর সামাজিক ও ব্যক্তিগত সুনামের মারাত্মক ক্ষতি করেছে।

অভিযোগকারীর পক্ষের আইনজীবীদের দাবি অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে এই মামলার প্রথম সমন জারি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ধ্রুব রাঠি আদালতে হাজিরা দেননি। তাঁর বিদেশবাসের (অস্ট্রেলিয়া) কথা উল্লেখ করে এতদিন হাজিরা এড়িয়ে চলা হলেও সম্প্রতি খবর মেলে যে তিনি বর্তমানে ভারতেই দিল্লি এনসিআর (NCR)-এর মধ্যেই অবস্থান করছেন।

এই তথ্য সামনে আসার পরই আদালত নতুন করে সমন জারির নির্দেশ দেয়। শুধু তাই নয়, আদালতের কর্মীরা যাতে সরাসরি নোটিস পৌঁছে দিতে পারেন, তার জন্য অভিযোগকারীকে আদালতের কর্মীদের সঙ্গে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ইউটিউবারের হাতে সরাসরি সমন তুলে দেওয়ার পরিবর্তে তাঁর গুরুগ্রামের বাড়ির দরজাতেই আইনি নোটিস সাঁটিয়ে দেওয়া হয়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সমন জারির বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ধ্রুব রাঠির এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই সকলের নজর রয়েছে। আগামী ১৭ অক্টোবর সাকেত আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যেদিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও আইটি মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *