DG | রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তৎপরতা! নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

DG | রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তৎপরতা! নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্থায়ী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) নিয়োগ নিয়ে দীর্ঘদিনের চলা প্রশাসনিক জট অবশেষে কাটতে চলেছে। সুপ্রিম কোর্টের কড়া অবস্থান ও কেন্দ্রীয় হস্তক্ষেপের পর এবার স্থায়ী ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। নবান্ন সূত্রে খবর, আগামী ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত হয়েছেন এমন সমস্ত আইপিএস (IPS) আধিকারিকদের নামের তালিকা চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কমিশন।

ইউপিএসসির চিঠি পাওয়ার পর নবান্ন দ্রুত প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যেই সম্ভাব্য ৮ জন আইপিএস আধিকারিকের নামের তালিকা দিল্লিতে পাঠানো হতে পারে। এই তালিকার প্রথম নাম হিসেবে উঠে আসছে ১৯৯১ ব্যাচের আইপিএস তথা বর্তমান ডিজি (ফায়ার) অনুজ শর্মার নাম। এছাড়াও তালিকায় রয়েছেন, পীযূষ পাণ্ডে, বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি (১৯৯৩ ব্যাচ)। এন আর বাবু, ডিজি (হোমগার্ড)।সিদ্ধিনাথ গুপ্তা, ডিজি (কারেকশনাল সার্ভিস)। সঞ্জয় সিং, ডিরেক্টর (সিভিল ডিফেন্স)। সব মিলিয়ে মোট ৮ জন অভিজ্ঞ আধিকারিকের নাম পাঠানোর সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ৩১শে জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের অবসরের পর রাজ্য সরকার ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে। সেই সময় নির্দিষ্ট মেয়াদের মধ্যে নামের তালিকা ইউপিএসসির কাছে না পাঠানোর অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। ফলে স্থায়ী নিয়োগে ছাড়পত্র দিতে অস্বীকার করেছিল কেন্দ্র। প্রশাসনিক কাজ সচল রাখতে রাজ্য তখন ভারপ্রাপ্ত নিয়োগের পথে হাঁটে।

ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই নিয়োগ প্রক্রিয়া গতি পেয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এবার ইউপিএসসির কাছে তালিকা জমা পড়লে সেখান থেকে যোগ্য তিনজনের নাম বেছে নেওয়া হবে এবং তার মধ্যে থেকেই রাজ্যের পরবর্তী স্থায়ী ডিজিপি চূড়ান্ত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *